বিকাশ ‘অটো পে’ সুবিধা এখন রিচার্জ, সেন্ড মানি ও বিল পরিশোধে
প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, মোবাইল ফোনের সংযোগ সচল রাখা কিংবা ইউটিলিটি বিল পরিশোধের মতো জরুরি কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্য ‘অটো পে’ সেবা চালু করার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, এই সেবা ব্যবহার করে যারা নিয়মিত লেনদেন করেন, তাদেরকে এখন থেকে বারবার লেনদেনের কথা মনে রাখতে হবে না। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হয়ে যাবে।
সেবাটি চালু করতে ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরে সেবার ধরন থেকে ‘মোবাইল রিচার্জ’, ‘সেন্ড মানি’ অথবা ‘পে বিল’ অপশন সিলেক্ট করে নম্বর/প্রতিষ্ঠান, টাকার পরিমাণ এবং কত দিন অন্তর ‘অটো পে’ করা হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে ‘অটো পে’।
এরপর নির্ধারিত দিনের আগে পুশ নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা জানিয়ে বিকাশই জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিকাশ জানিয়েছে, গ্রাহক চাইলে একাধিক ‘অটো পে’ চালু করে রাখতে পারেন। আবার যেকোনো সময় যেকোনো ‘অটো পে’ অপশন বাতিলও করতে পারেন।
‘অটো পে’ মেন্যু থেকেই চালু থাকা সব ‘অটো পে’র তালিকা দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।







